নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রিকালে সুমন শাহ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সহযোগী ও মাদক এজেন্ট হিসেবে চিহ্নিত সাজু মোল্লা (৩৫) পালিয়ে যায়। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার সুমন শাহ কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার ইজগার শাহের ছেলে। পালাতক এজেন্ট সাজু মোল্লা কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে। সে একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।
সৈয়দপুর থানার সেকেন্ড অফিসার আমিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাজু মোল্লা বড় চালান নিয়ে ধলাগাছ মতির মোড়ে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজু পালিয়ে গেলেও, তার কাছ থেকে মাদক কিনতে আসা সুমন শাহকে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করা হয়।
তল্লাশি করে সুমনের পকেট থেকে ৬৮ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সে স্বীকার করে যে, মাদকগুলো সাজু মোল্লার কাছ থেকেই ক্রয় করেছে।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১), ২৯(ক), ১০(ক)/৪১ ধারায় মামলা (নং–২০/২৫) দায়ের করা হয়। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। মাদকসহ জুয়া, ভিসা প্রতারণা ও দেহ ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “সৈয়দপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, এজেন্ট পালাতক”
Comments are closed.